বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শহর যুবদল নেতা মেফতা আল রশিদ মিলটনকে ছুরিকাঘাতের ঘটনায় ১১ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মিলটন নিজে বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা।
তিনজনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়। তারা হলেন বগুড়া শহরের নারুলীর নাদিম উদ্দীনের ছেলে ইমন মিয়া (২৬), একই এলাকার লবির হোসেনের ছেলে ছাত্রদল থেকে আজীবন বহিষ্কৃত সারোয়ার হোসেন জুয়েল (৩০) এবং শহরের রহমাননগর এলাকার পল্লব (২৬)।
জানা যায়, গত শুক্রবার স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। ওই দিন বিকেলে র্যালি শেষে সমাবেশ চলছিল। শারীরিকভাবে অসুস্থ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল হুইল চেয়ারে করে সমাবেশে যোগ দেন। সমাবেশ চলাকালে মঞ্চে তাকে পেছন থেকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ করেন। একপর্যায়ে তিনি মাইক হাতে কথা বলতে শুরু করলে তার এবং যুগ্ম আহ্বায়ক সরকার মুকুলের অনুসারীদের মধ্যে বাগ্বিতণ্ডা ও পরে হাতাহাতি শুরু হয়। এ সময় শহর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিলটন ছুরিকাঘাতের শিকার হন। পরে বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে সমাবেশ আবার শুরু হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই বেদার উদ্দিন জানান, মঙ্গলবার রাতে মামলা রেকর্ড হয়েছে। আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করা যায়নি। তবে তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
