প্রতারণা ও অর্থ আত্মসাৎ

সিরাজগঞ্জে সাবেক এনজিও কর্মকর্তা কারাগারে

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১১:২২ পিএম

অর্থ আত্মসাৎ ও চাকরি দেওয়ার নামে প্রতারণার মামলায় নাটোরের গুরুদাসপুর উপজেলার একটি এনজিওর সাবেক কর্মকর্তা সুপ্রকাশ পালকে কারাগারে পাঠিয়েছে আদালত। গত মঙ্গলবার সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক জেসমিন আরা এ আদেশ দেন।  আদালতের বেঞ্চ সহকারী আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, সুপ্রকাশ পাল একটি এনজিওর ম্যানেজার অ্যাকাউন্টসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত থাকাকালে তার সহকর্মীদের পদোন্নতি ও অন্যত্র সরকারি চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে চাকরি ছেড়ে দেন। অর্থ ফেরত ও সুবিচার পেতে আশরাফুল ইসলাম ও আরিফুল ইসলাম নামে দুজন বাদী হয়ে চলতি বছরের ২৯ মে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ দুটি মামলা করেন। ওই মামলায় গত মঙ্গলবার সুপ্রকাশ পাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।

এ বিষয়ে সুপ্রকাশ পালের স্ত্রী লিপি রারী পালের মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত