অসুস্থতার কারণে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহার পূর্বনির্ধারিত ঢাকা সফর স্থগিত করা হয়েছে। তিন দিনের সফরে আজ শনিবার সকালে তার ঢাকায় আসার কথা ছিল।
হুসেইন ইব্রাহিম তাহা আফ্রিকার দেশ চাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। গত নভেম্বরে তিনি ওআইসি মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি। এই কারণে তিনি আজ ঢাকা সফরে আসতে পারছেন না। পরে সুবিধাজনক সময়ে সফরটি হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ওআইসি মহাসচিবকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সফরকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের কথা ছিল।
