সংযুক্ত আরব আমিরাতে ২৮তম আবুধাবি আন্তর্জাতিক চেস ফেস্টিভ্যাল মাস্টার্স টুর্নামেন্ট শেষ হলো মাত্রই। সেই রেশ এখনও কটেনি দাবাড়ুদের। তবে এরই মধ্যে আরও একটি টুর্নামেন্ট হচ্ছে দুবাইয়ে। এবার দুবাই ওপেন চেস টুর্নামেন্ট খেলবেন বাংলাদেশের পাঁচ দাবাড়ু।
আজ শনিবার থেকে শুরু হচ্ছে ২২তম দুবাই ওপেন চেস টুর্নামেন্ট। সংযুক্ত আরব আমিরাতে দুবাই চেস অ্যান্ড কালচারাল ক্লাবে এ টুর্নামেন্ট উদ্বোধন হবে। যার পর্দা নামবে আগামী ৪ সেপ্টেম্বর।
দুবাই ওপেনে অংশ নিতে যাওয়া সেই পাঁচ দাবাড়ু হলেন- গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান (২৪২৭), আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (২৪০১), ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া (২৩২১), ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ (২২১১) ও ফিদেমাস্টার তৈয়বুর রহমান সুমন (২২০২)।
নয় রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৩৫টি দেশের ১৭৮ জন দাবাড়ু প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ৩৩ জন গ্র্যান্ডমাস্টার, ২ জন নারী গ্র্যান্ডমাস্টার, ৩১ জন আন্তর্জাতিকমাস্টার, ২ জন নারী আন্তর্জাতিকমাস্টার, ৩১ জন ফিদেমাস্টার, ৫ জন ক্যান্ডিডেটমাস্টার ও একজন নারী ক্যান্ডিডেটমাস্টার রয়েছেন।
