‘আমেরিকা- ইউরোপে খাদ্যের দাম দ্বিগুণ হলেও বাংলাদেশ ভালো আছে’

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০৬:২৩ পিএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমেরিকা- ইউরোপে খাদ্যের দাম দ্বিগুণ হলেও বাংলাদেশ ভালো আছে। আজকে সারাবিশ্ব করোনার আঘাতে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। কিন্তু বাংলাদেশের অর্থনীতি ঠিক আছে, মজবুত আছে।

শনিবার (২৭ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে পৌর আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জাহিদ মালেক বলেন, বাংলাদেশের অর্থনীতি এখনও ৬ ডিজিটের ওপরে। যেখানে আমেরিকা, চীন, ভারতের মত দেশ মাইনাসে চলে গেছে সেখানে বাংলাদেশের অর্থনীতিতে ৬ থেকে ৭ শতাংশ এখনও গ্রোথ আছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপির সময় সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছে। আমাদের সময় কৃষকরা সার পাচ্ছে, বিদ্যুৎ পেয়েছে এর জন্য কারও জীবন দিতে হয় নাই। শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন বিধায় আজ প্রতিটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। বাংলাদেশের কেউ না খেয়ে থাকে না। লাখ লাখ গৃহহীন মানুষকে ঘর দেওয়া হয়েছে।

জাহিদ মালেক বলেন, আমেরিকা ইউরোপের মত রাষ্ট্রের মুদ্রাস্ফীতি হয়েছে কিন্তু বাংলাদেশ ভালো আছে। দেশের মানুষের যেন সামনে দুঃখ কষ্ট করতে না হয় তার জন্য শেখ হাসিনা পরিকল্পনা হাতে নিয়েছেন। বিনামূল্যে খাদ্য, ওএমএস’র মাধ্যমে খাদ্য দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে পৃথিবীর ২০০টা দেশের মধ্যে ৫ম স্থান অধিকার করেছে। যেখানে ভারতের মতো রাষ্ট্র ৫০তম, আমেরিকা ৮০তম সেখানে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে। আমরা যদি জনসংখ্যা অনুযায়ী বিচার করি তাহলে বাংলাদেশের অবস্থান করোনা নিয়ন্ত্রণে এক নম্বরে আছে। টিকাদানেও পৃথিবীতে আমাদের সফলতা আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিশ্ববাসী আমাদের প্রশংসা করে।

পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম, সহ-সভাপতি আব্দুল মজিদ খান ফটো, মোহাম্মদ রমজান আলীসহ আরও অনেকেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত