প্রেম, প্রেম, শুধুই প্রেম। প্রেম ছাড়া আজকাল যেন কিছুই চোখে দেখছেন না মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। আর তাই তো হাজার লোকের মাঝেও নিজেদের প্রেম নিবেদন করতে একেবারেও লজ্জা পাচ্ছেন না এই জুটি। মালাইকা যেন অর্জুন কাপুরের থেকে এ ব্যাপারে এক ধাপ এগিয়ে। অর্জুনকে কাছে ডেকে, হালকা আদর করে উষ্ণতা ছড়ালেন বলিউডের 'ছাইয়া ছাইয়া' গার্ল।
সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে মালাইকা ও অর্জুন নেচে উঠেছেন 'দিল সে' ছবির 'ছাইয়া ছাইয়া' গানে। আর নাচের ভঙ্গিমায় ফুটে উঠেছে অর্জুনের প্রতি মালাইকার মিষ্টি আদর।
উল্লেখ্য, অর্জুন কাপুর গত বছর বান্দ্রা ২০ কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট কেনেন। যা একেবারেই মালাইকার আবাসনের পাশে। সেই ফ্ল্যাটের বয়স ১ বছর হতে না হতেই, অর্জুন বিক্রি করে দেন।
জানা যায়, অর্জুন ১৬ কোটি টাকায় এই ফ্ল্যাটটি বিক্রি করেন। সঙ্গে আরও জানা গেছে, বিক্রিত ফ্ল্যাটের দলিলটি ১৯ মে নিবন্ধিত হয়েছিল। অর্জুনের বোন অনশুলা কাপুর বিক্রির সেই নথিতে স্বাক্ষরও করেছিলেন। তবে কেন অর্জুন তার ফ্ল্যাট এত কমমূল্যে বিক্রি করলেন তা স্পষ্ট নয়।
তবে রটনা- মালাইকার সঙ্গে সম্পর্কে তিক্ততা এসেছে অর্জুনের। শোনা গিয়েছে, এই ফ্ল্যাটেই নাকি মালাইকার সঙ্গে অর্জুনের থাকার কথা ছিল। নিন্দুকদের কথায়, মালাইকার কারণেই নাকি অর্জুন এই ফ্ল্যাট বিক্রি করতে বাধ্য হন।
মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন কাপুর। তাদের এই অসম বয়সের প্রেম নিয়ে বলিউডে প্রচুর গুঞ্জন। তবে এসবে একেবারেই কান না দিয়ে চুটিয়ে প্রেম করছেন মালাইকা-অর্জুন। এই তো কিছুদিন আগে প্যারিস ঘুরে আসেন। ভালোবাসার শহরে চুটিয়ে প্রেম করেছেন। ছবিও আপলোড করেছেন।
তার মাঝে এই ফ্ল্যাট বিক্রির খবরে কেমন যেন একটু 'ব্রেকআপ' 'ব্রেকআপ' গন্ধ। তবে এ নিয়ে মুখ খুলছেন না মালাইকা বা অর্জুন। সূত্র : পিঙ্কভিলা
