বউয়ের অত্যাচারে একমাস ধরে তালগাছের চুড়ায় বসবাস!

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০৩:৩২ পিএম

দাম্পত্য কলহ, ঝগড়া-ঝাঁটি কম বেশি পৃথিবীর সমস্ত দম্পত্তির মধ্যে হয়েই থাকে। শুধু স্থান ও পাত্র পরিবর্তনে কখনও কখনও তীব্রতার হেরফের হয়। কিন্তু, এই দাম্পত্য কলহের জেরেই সংবাদ শিরোনামে ভারতের উত্তরপ্রদেশের এক দম্পতি। নিজের বউয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন রাম প্রভেশ। তার অভিযোগ, তার স্ত্রী তাকে প্রতিদিন দৈহিক ও মানসিক নির্যাতন করে। অতিষ্ঠ হয়ে রাম ৮০ ফুট উঁচু তালগাছে নিজের আস্তানা গেঁড়েছেন।

উত্তরপ্রদেশ নয়, গোটা ভারতে এখন বহুল চর্চিত রাম প্রবেশের নাম। দাম্পত্যে অশান্তি ঘরে ঘরে চললেও, বউয়ের ভয়ে ঘর ছেড়ে গাছবাসী হয়ে যাওয়ার ঘটনা একেবারে অভিনব। উত্তরপ্রদেশের মাউ জেলার কোপাগঞ্জ এলাকার বাসিন্দা রামপ্রবেশ প্রায় এক মাস ধরে বউয়ের ভয়ে ভিটেমাটি ছেড়ে প্রায় ৮০ ফুট উঁচু তালগাছে বাসা বেঁধেছেন। তালগাছেই অভিনব সংসার রামপ্রবেশের।

নিজেকে নিপীড়িত স্বামী বলে দাবি করেছেন রামপ্রবেশ। তার অভিযোগ, বউ তাকে কারণে-অকারণে রোজ মারে, ঝগড়া করে। দজ্জাল বউয়ের হাত থেকে মুক্তি পেতেই এমন সিদ্ধান্ত। রামপ্রবেশের বাবাও তার অভিযোগকে সমর্থন জানিয়েছেন।

মাসখানে আগে অশান্তিতে জেরবার হয়ে বাড়ির কাছে তালগাছে চেপে বসেন রামপ্রবেশ। শুধু মল-মূত্র ত্যাগ ও খাদ্য সংগ্রহের মতো বিষয়েই গাছ থেকে নীচে নামেন তিনি।

রাম প্রবেশের পরিবার খাবার এবং জল একটি গাছে দড়ি দিয়ে বেঁধে রাখেন। রাম ওপর থেকে সেই দড়ি টেনে খাবার সংগ্রহ করে আবার দড়ি ঝুলিয়ে দেন।

স্থানীয়দের দাবি, রাতের বেলা চুপি চুপি গাছ থেকে নেমে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আবার গাছে উঠে যান রাম। শুধু বাড়ির লোকই না, রাম প্রবেশকে নেমে আসার অনুরোধ করেন এলাকার সবাই।

গ্রামবাসী-পরিবারের বাকি লোকজন তাকে বোঝাতে গেলে তিনি কান পাততে নারাজ। উল্টো গাছের কাছাকাছি কাউকে দেখলেই উপর থেকে ইঁট পাটকেল ছুঁড়ছেন নির্যাতিত স্বামী।

অন্যদিকে, স্ত্রীর ভয়ে গাছবাসী রামপ্রবেশকে নিয়ে গ্রামবাসীদের বিড়ম্বনার শেষ নেই। ৮০ ফুটের বেশি উঁচু যে তালগাছের মাথায় রামপ্রবেশের নতুন সংসার তা গ্রামের মাঝামাঝি। গাছ থেকেই গোটা গ্রাম দেখা যায়। এতেই অসুবিধায় পড়েছেন পড়শিরা। ওপর থেকে সকলের বাড়ির ভেতরের দৃশ্য থেকে শৌচাগারের অন্দর সবই দেখতে পাচ্ছেন রামপ্রবেশ। ফলে কোনও আব্রুই থাকছে না। রামপ্রবেশের পত্নীভীতির জেরে নতুন অশান্তিতে গ্রামবাসীরা। পুলিশে খবর দিয়েও লাভ হয়নি। পুলিশ দেখে আত্মরক্ষার্থে গাছের উপর থেকে লাগাতার ইট-পাটকেল ছুড়েছেন।

পুলিশ অনেক অনুরোধ করে উপায় না পেয়ে শেষে হুমকিও দিলেন। লাভ হল না কিছুই। অবশেষে তারা একটা ভিডিও করে ফিরে যান। সব মিলিয়ে তালগাছের মাথায় থাকা রামপ্রবেশকে নিয়ে সমস্যায় কোপাগঞ্জবাসী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত