কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম বলেছেন, শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। ফ্যাসিস্ট সরকারকে হঠাতে দলীয় নেতাকর্মীদের রাজপথে আসার আহ্বান জানান তিনি। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমাহীন লুটপাট করেছে।
২৮ আগস্ট রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে জ্বালানি তেল, পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে উখিয়া উপজেলা বিএনপির উদ্যোগে গণমিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উখিয়ার কোটবাজার স্টেশন চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী।
এ সময় প্রধান অতিথি আরো বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রেখেছে সরকার। এখনো তিনি মুক্ত হতে পারেননি। সারাদেশে বিএনপির লাখো নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সরকার। জ্বালানি তেলের দাম বাড়ায় বেড়েছে পরিবহন ভাড়া ও খাদ্য পণ্যের দাম। ফলে প্রতিটি পদে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে।
এর আগে উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দলে দলে গণমিছিল ও পথসভায় অংশ নেন।
