পর্দায় যেভাবে 'চাকদা এক্সপ্রেস' হয়ে উঠলেন আনুশকা

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ০৩:৫২ পিএম

ক্যামেরার সামনে কিভাবে ঝুলন গোস্বামী হয়ে উঠলেন, সেই তথ্য ফাঁস করলেন আনুশকা শর্মা। সোশাল মিডিয়ায় শেয়ার করলেন 'চাকদা এক্সপ্রেস' সিনেমার শুটিংয়ের কিছু মুহূর্ত। তাতেই মুগ্ধ নেটিজেনরা।

কিভাবে বলের গ্রিপ ধরেন ঝুলন? কেমন তার রান-আপ, বল করার কায়দা? ডেলিভারি কিভাবে করতে হবে? সবই শিখেছেন আনুশকা। ছবির পরিচালক প্রসিত রায়ের মতে এ ছবি পুরোটাই ঝুলনের সংগ্রামের। কিভাবে চাকদার মতো একটি ছোট্ট জায়গা থেকে আসা মেয়ে দেশের নারী ক্রিকেট টিমের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠল, সেই কাহিনি সিনেমায় ফুটিয়ে তোলা হবে।

image

ঝুলন গোস্বামীকে নিয়ে বায়োপিক তৈরি হচ্ছে। এ খবর ছড়িয়ে পড়তেই সোশাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়। যেখানে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে দেখা গিয়েছিল বিরাটপত্নীকে। তবে সেই ছবিটি এই বায়োপিকের কিনা তা নিয়ে বলিউডে গুঞ্জন কম হয়নি। প্রথমে করোনা, পরে আনুশকা অন্তঃসত্ত্বা হওয়ায় এই ছবির শুটিং বাধা পায়। ঝুলনের ভূমিকায় বিরাটপত্নী আনুশকাকে দেখা যাবে না বলেও গুঞ্জন ছড়ায়। বিরাটের সঙ্গে বোর্ডের দ্বন্দ্বের জন্য ক্রিকেটারের বায়োপিক থেকে আনুশকা নিজেকে সরিয়ে নিয়েছেন বলে বলিউডে খবর রটে। তবে তা নিছকই গুঞ্জন ছাড়া যে কিছুই নয়, তা আনুশকার পরের পোস্টেই জানা যায়। প্রস্তুতির একাধিক ছবি শেয়ার করেন তিনি।

নেটফ্লিক্স অরিজিনাল হিসেবেই তৈরি হচ্ছে 'চাকদা এক্সপ্রেস'। জানা গেছে, ছবির জন্য আনুশকাকে ঝুলন তো সাহায্য করেছেনই পাশাপাশি ক্রিকেটের খুঁটিনাটি বুঝতে স্ত্রীকে সাহায্য করেছেন বিরাট কোহলি। আনুশকার 'মেকওভারের' পেছনেও নাকি রয়েছে বিরাটের পরামর্শ। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

×
সর্বশেষ সর্বাধিক পঠিত