সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে চটকদার বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন ধরনের ভবন নির্মাণসামগ্রী বিক্রির নামে গ্রাহকদের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী চক্রের সদস্য আজহারুল ইসলাম লিখনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত সোমবার রাতে ময়মনসিংহের বিদ্যাগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, ব্যাংক এশিয়ার তিনটি চেক বই, একটি এটিএম কার্ড, বিভিন্ন ব্যাংকে টাকা জমা রসিদ ও কোম্পানির মানি রিসিট উদ্ধার করা হয়।
গতকাল সিআইডির মিডিয়া শাখার অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিআইডির সাইবার পুলিশ অনুসন্ধান শুরু করে। অনলাইনে চটকদার ছবি ও বিজ্ঞাপন দেখে ক্রেতারা আকৃষ্ট হয়। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের নির্মাণসামগ্রী কিনতে অর্ডার দিতে হলে অগ্রিম অর্থ পরিশোধ করতে হয় ক্রেতাদের। চক্রটি ক্রেতাদের কাছ থেকে নির্মাণসামগ্রী বিক্রির নামে অগ্রিম টাকা নিয়ে কোনো মালামাল সরবরাহ করত না। পরে ক্রেতাদের মোবাইল নম্বর ও ফেইসবুক আইডিগুলো ব্লক করে রাখত।
