প্রশাসননির্ভর সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিনিয়ত ক্ষুণ্ণ করে চলেছে : গণফোরাম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৫ পিএম

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশে শান্তিপূর্ণ মিছিল, সমাবেশ ও শোভাযাত্রায় পুলিশি হামলা ও গুলিতে একজন নিহতসহ অসংখ্য নেতাকর্মী আহত হওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম।

বিবৃতিতে গণফোরাম নেতারা বলেন, অবৈধ সরকার ক্ষমতা অবৈধভাবে টিকিয়ে রাখতে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ দিয়ে ন্যক্কারজনক হামলা করে মানুষ হত্যার মধ্য দিয়ে দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। নির্বিচারে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে হত্যা করে এই প্রশাসননির্ভর সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিনিয়ত ক্ষুণ্ণ করে চলেছে। 

তারা বলেন, অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে পুলিশ প্রশাসনকে দলীয় পেটুয়া বাহিনীতে পরিণত করেছে এই ফ্যাসিস্ট সরকার। অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্দলীয়-নিরপেক্ষ সরকার গঠন করে মানুষ হত্যার বিচার এ দেশের মাটিতে করা হবে। গণফোরাম বিশ্বাস করে জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন করে আইয়ুব-ইয়াহিয়াসহ কেউই টিকতে পারেনি, এই মধ্যরাতের কর্তৃত্ববাদী সরকারও টিকবে না। জনগণের বিজয় সুনিশ্চিত। 

বিবৃতিতে বলা হয়, এর আগে গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আব্দুল কাদের। 

এ ছাড়া পুলিশের গুলিতে মো. শাওন নিহত হওয়ার ঘটনায় গণসংহতি আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) প্রতিবাদ ও নিন্দা জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত