তাইওয়ানে ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করতে রাজি যুক্তরাষ্ট্র

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৭ এএম

বেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যে তাইওয়ানের কাছে ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র।

তাইওয়ানের প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করতে শুক্রবার (২ সেপ্টেম্বর) ওয়াশিংটন অস্ত্র বিক্রির ঘোষণা দেয়। খবর বিবিসির।

গত মাসে মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন। তার ওই সফর নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা শুরু হয়। তাইওয়ানের চারপাশে বড় ধরনের সামরিক মহড়া চালায় বেইজিং। এমন পরিস্থিতিতেই তাইওয়ানে অস্ত্র বিক্রির ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।

বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র তাইওয়ানে যে অস্ত্র দিচ্ছে তার মধ্যে রয়েছে, ৬৬ কোটি ৫০ লাখ ডলারের ‘রাডার ওয়ার্নিং সিস্টেম’। এর মাধ্যমে ক্ষেপণাস্ত্র শনাক্ত করা যাবে। এছাড়া আছে ৩৫ কোটি ৫০ লাখ ডলারের ৬০টি হারপুন ক্ষেপণাস্ত্র, যা যেকোনো জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম।

তাইওয়ানের কাছে এ অস্ত্র বিক্রিতে মার্কিন কংগ্রেসের অনুমোদন লাগবে। তাইওয়ান প্রশ্নে কংগ্রেসে উভয় দলই সমর্থন দিয়ে আসছে শুরু থেকেই। তাই কংগ্রেস তাইওয়ানের কাছে নতুন করে এসব অস্ত্র বিক্রির অনুমোদনও শিগগিরই দেবে বলে ধারণা করা হচ্ছে।

ওয়াশিংটনে চীনা দূতাবাস যুক্তরাষ্ট্রকে এই চুক্তি প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। তা না হলে পাল্টা ব্যবস্থার মুখোমুখি হতে হবে হুঁশিয়ারি দিয়েছে।

আমেরিকায় চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ এক বিবৃতিতে বলেন, চুক্তিটি ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ককে গুরুতরভাবে বিপদে ফেলবে।

বেইজিং স্ব-শাসিত দ্বীপটিকে তার ভূখণ্ডের একটি অংশ হিসেবে দেখে। এবং প্রয়োজনে তারা বলপ্রয়োগ করে তাদের মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করতে চায়।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছেন, চুক্তিটি তাইওয়ানের নিরাপত্তার জন্য অপরিহার্য। এর ফলে, তাইওয়ানের ওপর বেইজিংয়ের সামরিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ বন্ধ করতে সহায়ক হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত