সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে কাঠমুন্ডুতে সাবিনারা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৬ পিএম

দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের বড় টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আগামী ৬ সেপ্টেম্বর থেকে। ষষ্ঠ আসরে অংশ নিতে আজ শনিবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সাত জাতির এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান ও মালদ্বীপের সঙ্গে। ‘বি’ গ্রুপের তিন দল হচ্ছে নেপাল, ভুটান ও শ্রীলংকা।

বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোয় বাংলাদেশ দুর্দান্ত খেললেও সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ফলাফল একবার রানার্সআপ হওয়া। এই অঞ্চলের মেয়েদের টুর্নামেন্টে একচেটিয়া সাফল্য ভারতের। আগে হওয়া ৫টি টুর্নামেন্টের শিরোপাই ঘরে তুলেছে তারা।

বাংলাদেশের জাতীয় দলটি তারুণ্যনির্ভর। অধিনায়ক সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও সিরাত জাহান স্বপ্নারা ছাড়া বাকি সবাই অংশ নিয়ে থাকে বয়সভিত্তিক টুর্নামেন্টে। অভিজ্ঞতার ঘাটতির কারণেই বাংলাদেশের মেয়েরা জাতীয় দলে গিয়ে কুলিয়ে উঠতে পারে না।

তবে আগের সাফগুলোর চেয়ে এবারের আসরে বাংলাদেশ দল পরিপক্ক। বয়সভিত্তিক দলের খেলোয়াড়রাই জাতীয় দলে খেলে খেলে এখন কিছুটা অভিজ্ঞতা বাড়িয়েছে। যে কারণে বাংলাদেশ আগের সাফগুলোর চেয়ে এবার আরও ভালো ফলাফল আশা করছে। কিছুদিন আগে মালয়েশিয়ার বিপক্ষে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলে বাংলাদেশের মেয়েরা আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে।

অভিজ্ঞতায় অনেক এগিয়ে থাকা মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতেছে ১-০ ব্যবধানে। প্রথম ম্যাচ ৬-০ গোলে জিতে দ্বিতীয় ম্যাচ ড্র করেছিল গোলশূন্যভাবে। মালয়েশিয়ার বিপক্ষে এই ফল অনুপ্রেরণা যোগাবে বাংলাদেশের মেয়েদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত