স্মরণসভায় দেশ রূপান্তর প্রকাশক

'পত্রিকার নীতি-নৈতিকতা নিয়ে কখনো আপস করেননি'

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:২০ পিএম

আজ শনিবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক অমিত হাবিবের স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন দেশের বরেণ্য রাজনীতিবিদ, সাংবাদিক, কলামিস্ট থেকে শুরু করে রূপায়ন গ্রুপের কো-চেয়ারম্যান ও দৈনিক দেশ রূপান্তরের প্রকাশক মাহির আলী খাঁন রাতুল।

আহমেদ মুনীরুদ্দিন তপুর সঞ্চালনায় প্রায় সোয়া দুই ঘণ্টার অনুষ্ঠানে প্রয়াত এই সম্পাদককে নিয়ে চলে নানা স্মৃতিচারণ, স্মৃতিবিজড়িত কথোপকথন ও একটি ৬ মিনিটের ডকুমেন্টারি প্রদর্শন।

সবশেষে কিছু বলার জন্য মঞ্চে ওঠেন দৈনিক দেশ রূপান্তরের প্রকাশক ও রূপায়ন গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল। তিনি বলেন, আমরা আজকের এই স্মরণসভার নাম দিয়েছি 'অসীমে অমিত'; কিন্তু আমরা তাকে সারাজীবন আমাদের মনে ধারণ করব। তিনি ছিলেন রূপায়ন গ্রুপ এবং রূপায়ন পরিবারের নীতি ও আদর্শের একটি স্তম্ভ। তিনি আমাদের একজন উত্তম পরামর্শক ছিলেন। তিনি আমাদের দেখিয়েছেন, কিভাবে সুন্দর চিন্তা ও সততার সাথে কাজ করা যায়। শুধু পত্রিকার ক্ষেত্রেই নয়, ব্যাবসায়িক কর্মকাণ্ডেও তিনি আমাদের পরামর্শ দিতেন। 

তিনি আরো বলেন, উনি আজ আমাদের মাঝে নেই। আমি দোয়া করি তার জন্য, তার পরিবারের জন্য। 

রূপায়ন পরিবারের সাথে অমিত হাবিবের সম্পর্কের প্রথম দিকের স্মৃতি মনে করে কো-চেয়ারম্যান মহোদয় বলেন, উনার সাথে যখন প্রথম কথা হয় তখন আমরা বলেছিলাম, এমন একটি পত্রিকা করতে চাই যেটি সততার সাথে কাজ করবে। নীতি নিয়ে কখনো আপস করবে না। উনি সেটি করে দেখিয়েছেন এবং কোনো ব্যাপারেই কোনো আপস করেননি। 

তিনি বলেন, উনার অনেক স্বপ্ন এখনো অসম্পূর্ণ অবস্থায় আছে। আমাদের দায়িত্ব উনার অসমাপ্ত কাজ ও স্বপ্নগুলো এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে তার বিদেহী আত্মা শান্তি পাবে।

সবশেষে বলেন, তিনি আমাদের অনেক স্বপ্ন ও পরিকল্পনার কথা বলে গিয়েছেন। আপনারা যারা আজ এখানে উপস্থিত হয়েছেন, সকলের সহযোগিতা চাই যেন আমরা দেশ রূপান্তর নিয়ে তার স্বপ্নগুলো এগিয়ে যেতে পরি। 

সবশেষে তিনি সবাইকে এই স্মরণসভায় অংশ নেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ প্রদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত