বরিশাল প্রতিনিধি

সহযাত্রীর মানিব্যাগ চুরি করে ধরা হত্যা মামলার আসামি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১২:০৭ এএম

লঞ্চে ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে সহযাত্রীর মানিব্যাগ চুরি করে ধরা পড়েছেন হত্যা ও ডাকাতি মামলার আসামি।

নৌপুলিশ ও লঞ্চের কর্মচারীদের ভাষ্যমতে, গত শুক্রবার রাতে স্ত্রীকে নিয়ে ঢাকার সদরঘাট থেকে লঞ্চযোগে বরিশালের উদ্দেশে রওনা দিয়ে মিলন সিকদার ওরফে রিপন সিকদার (৩৮) পথে এক সহযাত্রীর মানিব্যাগ চুরি করেন। পরে লঞ্চের সিসিটিভির ফুটেজ দেখে মানিব্যাগ চুরির অপরাধে প্রথমে তাকে আটক করা হয়। এরপর জানা যায় এই রিপন সিকদার বরগুনার বেতাগী থানায় ২০১১ সালের একটি হত্যা মামলার পালাতক আসামি। তিনি এগারো বছর ধরে পলাতক।

রিপন সিকদার ওরফে মিলন সিকদার পটুয়াখালীর মির্জাগঞ্জের পায়রাগঞ্জ এলাকার সোহরাব সিকদারের ছেলে এবং তার স্ত্রী তানিয়া (১৯) একই উপজেলার নরিয়াবাদ এলাকার শাহিন মৃধার মেয়ে। লঞ্চের যাত্রী ও ভুক্তভোগী শহিদুল ইসলাম বলেন, চুরি করার অপরাধে যখন যাত্রী ও স্টাফরা রিপনের ওপর ক্ষেপে যায় তখন তিনি নিজেকে পুলিশ পরিচয় দেন। আর তার স্ত্রী তানিয়াও তার পক্ষে সাফাই গাইতে থাকেন।

পারাবত-১২ লঞ্চের সুপারভাইজর নজরুল ইসলাম বলেন, আটক রিপন এর আগে পুলিশ পরিচয়ে পারাবত-১১ লঞ্চে একই কাজ করেছিলেন। তবে প্রমাণ না থাকায় তখন তিনি পুলিশের একটি কার্ড দেখিয়ে পার পেয়ে যান। এবার পারাবত-১১ লঞ্চের সাবেক এক কর্মচারী যিনি বর্তমানে পারাবত-১২ লঞ্চে চাকরি করছেন, তিনি এসে রিপনকে শনাক্ত করেন। গতকাল শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানাত জামান চুরির অভিযোগে আটক হত্যা ও ডাকাতি মামলার আসামি মিলন সিকদার ওরফে রিপন সিকদারকে পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবিরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন। মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির বলেন, মিলন ওরফে রিপন বরগুনার বেতাগী থানায় ২০১১ সালের একটি হত্যা মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক। তার বিরুদ্ধে ডাকাতির মামলাও রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত