প্রশস্ত হচ্ছে লাউয়াছড়া সড়কের সেই ‘ঝুঁকিপূর্ণ ত্রিকোণী কালভার্ট’

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০১:৪০ পিএম

অবশেষে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের ভেতরের ত্রিকোণী নামের আঁকাবাঁকা বাঁকের কালভার্টটি ভেঙে প্রশস্ত করছে সড়ক বিভাগ।

সড়কের ফুলবাড়ি ও মাগুরছড়া খাসিয়াপুঞ্জির মধ্যবর্তী স্থানে অবস্থিত ত্রিকোণী কালভার্টটিতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে মরণফাঁদে পরিণত হয়েছিল।

এ নিয়ে চলতি বছরের ২২ জানুয়ারি “সড়কের ঝুঁকিপূর্ণ বাঁক যেন মরণফাঁদ” শিরোনামে দেশ রূপান্তরে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে সড়ক ও জনপথ বিভাগের।

দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটছে জেনে সড়কে চলাচলকারী যানবাহনের চালকেরা বলেন, কালভার্টের পশ্চিম অংশের দুই ফুট উচ্চতার ত্রিকোণী লাল রঙের দেয়ালের কারণে মোড় নিতে গেলে উভয় পাশ দেখা না যাওয়ায় যানবাহনকে দুর্ঘটনায় পড়তে হয়েছিল। গত বছরে এই ঝুঁকিপূর্ণ বাঁকের ত্রিকোণী কালভার্টে ১০-১২টি ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। এখন প্রশস্ত করা হচ্ছে কালভার্ট, ফলে দুর্ঘটনা কমবে।

এ সড়কে চলাচলকারী পুলিশ সদস্য ছিদ্দিকুর রহমান সাদেক, শিক্ষক মোস্তাফিজুর রহমান ও শওকত আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘প্রতিদিনই এই সড়কে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। এই সড়কে সিএনজিচালিত অটোরিকশা বেশি চলাচল করে। সড়কে ত্রিকোণী কালভার্টেই বেশি ঝুঁকি ছিল। কালভার্ট প্রশস্ত করা হলে দুর্ঘটনার ঝুঁকি থাকবে না।’

সড়ক ও জনপথ বিভাগ মৌলভীবাজারের সহকারী প্রকৌশলী (পথ) আরিফুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘ওই স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটেছে। এ নিয়ে সংবাদও প্রকাশ হয়েছে। ত্রিকোণী কালভার্টের এক পাশ নতুন করে প্রশস্ত করা হচ্ছে। এতে দুর্ঘটনার আশঙ্কা কমবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত