আগামী সপ্তাহে শুরু হচ্ছে টাইগারদের অনুশীলন ক্যাম্প

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৪:১২ পিএম

আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপের সুপার ফোরে খেলার স্বপ্ন ভেঙেছে বাংলাদেশের। তাই সবার আগেই টুর্নামেন্ট থেকে বিদায় হয়েছে তাদের। দেশে ফিরে তাই হাত-পা গুটিয়ে বসে থাকার অবকাশ নেই সাকিবদের। সেপ্টেম্বরেই রয়েছে নিউজিল্যান্ড সফর। এরপরেই বিশ্বকাপ। তবে সদ্য টুর্নামেন্ট শেষ করে আসা মিরাজ-আফিফরা এক সপ্তাহের ছুটি পাচ্ছেন। ছুটি শেষে আগামী সপ্তাহেই শুরু হচ্ছে টাইগারদের অনুশীলন ক্যাম্প।

বিসিবি থেকে জানানো হয়েছে, বিদেশি কোচরা সবাই নিজ নিজ দেশে ফিরে গেছেন। ১০-১১ সেপ্টেম্বরের মধ্যেই তারা আবার ঢাকায় ফিরে আসবেন। ফেরার পর আগামী ১১-১২ সেপ্টেম্বর থেকে স্বল্প মেয়াদের অনুশীলন ক্যাম্প শুরু হবে।

এই চার পাঁচদিনের ক্যাম্পটির একটি তাৎপর্য রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিউজিল্যান্ডে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি শুরুর আগে জাতীয় টি-টোয়েন্টি দলের নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম নেটে বেশ কিছু ক্রিকেটারকে খুঁটিয়ে দেখবেন।

যারা এশিয়া কাপ দলে ছিলেন, শুধু তারাই নন; এর বাইরে জাতীয় দলের আশপাশে থাকা পারফরমারদেরও ঐ স্বল্প মেয়াদের ট্রেনিং সেশনে ডাকা হবে। নতুন টেকনিক্যাল অ্যাডভাইজার তাদের সবাইকে খুঁটিয়ে দেখবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সবার সম্পর্কে একটা প্রচ্ছন্ন ধারণা নিতে চেয়েছেন শ্রীরাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত