সুন্দরবন পূর্ব বনবিভাগের কটকা অভয়ারণ্য এলাকা থেকে ১৮টি মাছ ধরার ট্রলারসহ ৩৮ জেলেকে আটক করেছে বন বিভাগ। বনের অভ্যন্তরের নিষিদ্ধ অভয়ারণ্যে অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার সময় হাতেনাতে তাদেরকে আটক করা হয়।
রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে তাদেরকে আটক করে টহলরত বনপ্রহরীরা।
এ ব্যাপারে সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. সামসুল আরেফিন জানান, সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকার কাদেরের খালে অবৈধভাবে ঢুকে মাছ শিকারের দায়ে তাদেরকে আটক করা হয়। ট্রলার থেকে ইলিশ ধরা জালসহ ছোট ফাসের ১৮টি জাল জব্দ করা হয়েছে। এসব জেলে প্রকৃতির দুবৃত্তরা সাগরে মাছ ধরার পাস নিয়ে বেশি মাছের লোভে বনের নিষিদ্ধ অভয়ারণ্যে ঢুকে মাছ শিকার করছিল। আটক জেলেদের বাড়ী বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর ও বরগুনার পাথরঘাটা উপজেলায় বলে জানা গেছে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, সারা বছরই জেলেদের প্রবেশ নিষিদ্ধ কটকা অভয়ারণ্যের কাদেরের খালে অবৈধভাবে প্রবেশ করা ১৮টি মাছ ধরা ট্রলার দেখতে পেয়ে বন বিভাগের কর্মকর্তারা সাথে সাথে অভিযান চালিয়ে ট্রলারসহ ৩৮ জেলেকে আটক করেন। আটক জেলে ও ট্রলারের বিরুদ্ধে বন আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
