হত্যা করে হাসপাতালে রেখে পালালো দুর্বৃত্তরা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৫ পিএম

যশোরের চাঁচড়া চেকপোস্ট এলাকায় অজ্ঞাত (২০) এক যুবক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন। ধাওয়া করে ধরে ইজিবাইকের ভেতর নিয়ে তাকে ছুরিকাঘাত করা হয়েছিল। ছুরিকাঘাতের পর ওই দুর্বৃত্তরা ইজিবাইকে করে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে জরুরি বিভাগে রেখে পালিয়ে যায়। পুলিশ এ ঘটনায় জড়িত অন্তর নামে একজনকে আটক করেছে।

রবিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এই হত্যাকাণ্ড ঘটে।

কোতয়ালি থানার ওসি প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানান, বিকেল সাড়ে ৪টার দিকে কয়েকজন দুর্বৃত্ত অজ্ঞাত পরিচয় ওই যুবককে চাঁচড়া চেকপোস্ট এলাকার নিউ ঢাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে ধাওয়া করে ধরে একটি ইজিবাইকের ভেতরে নেয়। সেখানে দুর্বৃত্তদের সাথে তার ধস্তাধস্তি হয়। এ সময় দুর্বৃত্তদের একজন যুবকের বামপায়ের হাঁটুর পাশে ছুরিকাঘাত করে। এরপর ওই অবস্থায় তারাই আবার তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তড়িঘড়ি করে তাকে হাসপাতালের জরুরি বিভাগে রেখে রেখে পালিয়ে যায় তারা।

হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত তারক চন্দ্র নাথ জানান, সাথে ৩ জন থাকলেও বহনকারী হিসেবে এক যুবক তার নাম বলে ইমরান। ইমরান উপশহর এলাকার ইকরামুল ইসলামের ছেলে। বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে তারা অজ্ঞাত ওই যুবককে গুরুতর অবস্থায় নিয়ে আসে।

জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস জানান, যুবককে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

ওসি মো. তাজুল ইসলাম আরও জানান, অর্থসংক্রান্ত বিষয় নিয়ে ওই যুবককে হত্যা করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। ইমরান নামে এক দুর্বৃত্তদের সাথে তার লেনদেন ছিল এমন কথা শোনা যাচ্ছে। এ ঘটনায় জড়িত অভিযোগে অন্তর নামে তারা একজনকে আটক করেছেন। তার বাড়ি সদর উপজেলার বিরামপুরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত