গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিপরীতে বরাদ্দ ৭ হাজার ৮০০ কোটি টাকা এবং করপোরেশনের রাজস্ব খাতের টাকায় গৃহীত বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়নে কী কী অনিয়ম হয়েছে তা তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক গঠিত দুই সদস্যের তদন্ত দল গতকাল রবিবার নগর ভবন পরিদর্শন করেছে। এ সময় তারা সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন নথিপত্র সংগ্রহ করে নিয়ে যায়।
নগর ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন তদন্ত দলের সদস্য দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান আশিক। এ সময় তদন্ত দলের প্রধান দুদকের উপপরিচালক আলী আকবর উপস্থিত ছিলেন। তার অনুমতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সহকারী পরিচালক আশিক।
এক প্রশ্নের জবাবে আশিক বলেন, ‘আমরা গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের দায়িত্ব গ্রহণের পর থেকে সিটি করপোরেশনের উন্নয়নের লক্ষ্যে বরাদ্দ করা ৭ হাজার ৮০০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়নে কোথায় কী অনিয়ম হয়েছে, সেগুলো নিয়ে তদন্ত করছি। এ ছাড়া সিটি করপোরেশনের রাজস্ব আদায় এবং তা কোথায় কীভাবে ব্যয় হয়েছে, এসব ক্ষেত্রে কী কী অনিয়ম হয়েছেÑসে বিষয়গুলো অনুসন্ধান করছি।’
তিনি বলেন, ‘আমরা ২৬ পাতার অভিযোগ নিয়ে কাজ শুরু করেছিলাম। পরবর্তীকালে অভিযোগের সংখ্যা বেড়েছে। আমাদের হাতে কয়েকশ পৃষ্ঠার অভিযোগমালা জমা পড়েছে। আমরা প্রত্যেকটি অভিযোগ অনুসন্ধান করব এবং প্রমাণ পাওয়া গেলে দুদক আইন অনুযায়ী মামলা করব।’
সহকারী পরিচালক আশিক আরও বলেন, ‘আজকে আমরা কয়েক কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, অভিযোগসংক্রান্ত বিভিন্ন নথিপত্র দেখেছি, প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করে নিয়ে যাচ্ছি।’
স্থানীয় সরকার মন্ত্রণালয় ২০২১ সালের ২৫ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করে। পরে প্যানেল মেয়র মো. আসাদুর রহমানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়। ওইদিন জাহাঙ্গীরের অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে মন্ত্রণালয়।
