মিরসরাইয়ে কিশোরীকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৮ এএম

চট্টগ্রামের মিরসরাইয়ে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে শহীদুল্লা প্রকাশ লেদু মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার ভোরে খইয়াছড়া ইউনিয়নের নিজতালুক গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শনিবার সন্ধ্যায় ওই কিশোরীর বোন মিরসরাই থানায় ওই বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ করেন।

ওই কিশোরীর বোন অভিযোগ করেন, তাদের বাড়ি গাইবান্ধা জেলায়। তারা কয়েক বছর ধরে খইয়াছড়া ইউনিয়নের নিজতালুক গ্রামের একটি ভাড়া বাড়িতে থাকেন। স্থানীয় শহীদুল্লা প্রকাশ লেদু মিয়া নামের এক ব্যক্তি বিভিন্ন সময় নানা অজুহাতে তাদের বাড়িতে আসা-যাওয়া করে। গত ১৩ জুলাই বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে জোরপূর্বক লেদু মিয়া তাদের ঘরে ঢুকে তার বোনকে ধর্ষণ করে। এরপর ঘটনা কাউকে না জানাতে ভয় দেখায়। তার বোনও ভয়ে বিষয়টি পরিবারের কাউকে না জানিয়ে গোপন রাখে। গত ২০ আগস্ট তার ছোট বোনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ডাক্তারের কাছে নেওয়া হয়। এরপর ডাক্তারি পরীক্ষায় সে সন্তানসম্ভবা হওয়ার বিষয়টি ধরা পড়ে। একপর্যায়ে পরিবারের লোকজনকে তার বোন বিষয়টি জানায়। এরপর বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ লোকজনকে জানালে তারা পুলিশকে জানানোর পরামর্শ দেন।

মিরসরাই থানার ওসি কবির হোসেন জানান, ধর্ষণের অভিযোগ পেয়ে অভিযুক্ত শহীদুল্লা প্রকাশ লেদু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে সে পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকারও করেছে। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত