পানির নীচে উল্টো ক্যাটওয়াক করে তাক লাগিয়ে দিলেন ক্রিস্টিনা! (দেখুন ভিডিও)

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৫ পিএম

সুইমিং পুলের পানিতে ফ্রিস্টাইল, বাটারফ্লাই ইত্যাদি নানা ভঙ্গিমায় সাঁতার কাটতে দেখা যায়। কিন্তু পানির নীচে উল্টো ভাবে হাঁটার দৃশ্য এর আগে কখনও দেখা গিয়েছে বলে মনে হয় না। তা-ও আবার হাই হিল জুতো পরে ‘ক্যাটওয়াক’! এমনই এক দৃশ্য প্রকাশ্যে আসায় নেটনাগরিকরা থ হয়ে গিয়েছেন।

সুইমিং পুলের নীচে যাকে ক্যাটওয়াক করতে দেখা যাচ্ছে, তিনি ক্রিস্টিনা মাকুশেঙ্কো। সিনক্রোনাইজড সুইমিংয়ে চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলেই এই ভিডিও শেয়ার করেছেন ক্রিস্টিনা।

ভিডিওতে দেখা যাচ্ছে, সুইমিং পুলের পানির নীচে ক্রিস্টিনা। হিল জুতা পরা। পা ছুঁয়ে আছে পানিতে। আর মাথা সুইমিং পুলের মেঝের দিকে। ওই অবস্থাতেই তাকে হাঁটতে দেখা গেল। কিছুটা হাঁটার পর ১৮০ ডিগ্রি ঘুরে যান। তার পর কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে পানির নীচে হিল পরেই হাঁটতে শুরু করেন।

এমন দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গিয়েছেন নেটনাগরিকরা। কীভাবে সম্ভব হল, অনেকে প্রশ্নও তুলেছেন। তবে ক্রিস্টিনা যেহেতু সিঙ্ক্রোনাইজড সুইমিংয়ে অভ্যস্ত, তাই এই ধরনের স্টান্ট তিনি সহজেই করতে পেরেছেন।

ক্রিস্টিনার প্রায় সাত লাখ ইনস্টাগ্রাম অনুগামী রয়েছে। মাঝেমধ্যেই তিনি সাঁতারের ভিডিও শেয়ার করেন। তার এই ভিডিওটি ইতিমধ্যেই সাড়ে পাঁচ কোটি বার দেখা হয়ে গিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত