রাঙামাটিতে বুধবার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভার বিরোধিতা করে পাহাড়ের বাঙালীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের হরতালের কারণে বৈঠক স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভূমি কমিশনের সচিব (যুগ্ম জেলা জজ) মোহাম্মদ নেজামউদ্দিন এ তথ্য জানিয়েছেন।
এদিকে ভূমি কমিশনের সভা স্থগিতের পর মঙ্গলবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এক সংবাদ সম্মেলনে দুপুর তিনটা থেকে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেয়।
সংগঠনের চেয়ারম্যান কাজী মজিবুর রহমান বলেন, যেহেতু দাবি অনুসারে বৈঠক বাতিল হয়েছে তাই হরতাল প্রত্যাহার করা হচ্ছে। তবে, সাত দফা দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মো. হাবীব আজম, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক আসমা মল্লিক, সাংগঠনিক সম্পাদক লাভলী আক্তার।
এর আগে, সভার বিরোধিতা করে ও সাত দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকে বুধবার দুপুর ২টা পর্যন্ত রাঙামাটি শহরে ৩২ ঘণ্টার হরতাল শুরু করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। হরতালের পক্ষে সকাল থেকেই নাগরিক পরিষদের নেতৃবৃন্দ শহরের প্রধান সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পিকেটিং করে। এসময় তারা সড়কে টায়ার ফেলে আগুন জ্বালিয়ে দেয়। আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে সতর্ক অবস্থানে ছিল।
