ঢাকা নগর পরিবহন

৮ মাসে ২৪ লক্ষাধিক ব্যক্তিকে যাত্রীসেবা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০১:০২ এএম

২০২১ সালের ২৬ ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া ঢাকা নগর পরিবহনের মাধ্যমে ২৪ লক্ষাধিক ব্যক্তিকে যাত্রীসেবা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৪তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ও বাস রুট রেশনালাইজেশন কমিটির সভাপতি শেখ ফজলে নূর তাপস।

মেয়র শেখ তাপস বলেন, ‘গত ২৬ ডিসেম্বর ২০২১ আমরা দীর্ঘদিনের জটিলতা নিরসন করে ঢাকা নগর পরিবহনের প্রথম ২১ নম্বর যাত্রাপথ আমরা শুরু করি। আপনারা জেনে খুশি হবেন যে, আগস্ট মাস পর্যন্ত এই যাত্রাপথে আমরা ২৪ লক্ষাধিক ঢাকাবাসীকে যাত্রীসেবা দিতে সক্ষম হয়েছি। এতে ঢাকা নগর পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট বিআরটিসি এবং বিভিন্ন মালিক প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা আয় করতে পেরেছে। এর মাধ্যমে এটি প্রমাণিত যে, আমরা সঠিক পথে এগোচ্ছি। যদিও এখনো অনেক প্রতিকূলতা, প্রতিবন্ধকতা এবং সমস্যা রয়েছে। আমরা ধাপে ধাপে সেগুলো সমাধান করে এগিয়ে চলছি।’

আগামী ১৩ অক্টোবর নতুন ২টি যাত্রাপথে ঢাকা নগর পরিবহন চালু করা হচ্ছে জানিয়ে মেয়র বলেন, ‘আমাদের বাস রুট রেশনালাইজেশনের আওতায় নতুন বাস দিয়ে ২২ এবং ২৬ নম্বর নতুন যাত্রাপথ আগামী ১৩ অক্টোবর চালু হবে। একই সময় ২৩ নম্বর আরও একটি যাত্রাপথ চালু হওয়ার কথা থাকলেও সেই যাত্রাপথে আরও কাজ বাকি থাকায় সেটি প্রস্তুত করার জন্য ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আমাদের নতুন এই যাত্রাপথে সব নতুন বাস দিয়ে সেবা চালু হবে। এছাড়া আমাদের পুরনো ২১ নম্বর রুটে নতুন নতুন বাস আমরা সংযুক্ত করব। এছাড়াও বাসের শৃঙ্খলা ফেরাতে আগামী ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের চিরুনি অভিযান চলবে।’

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘২২, ২৩ ও ২৬ এই তিনটি রুটে ২০০ নতুন বাস দিয়ে চলবে নগর পরিবহন। বাসগুলোর নির্মাণকাজ চলমান। সম্পূর্ণ নতুন বাস নির্মাণের জন্য বর্তমান পরিস্থিতিতে একটু সময় লাগছে। আমরা আগামী ১৩ সেপ্টেম্বর নতুন বাসের গুণগত মান ও বাস নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে যাব। আধুনিক মানসম্পন্ন ও আরামদায়ক সম্পূর্ণ নতুন বাস দিয়েই নগর পরিবহন চলবে। এ লক্ষ্যে কাজ চলমান। আশা করছি সবার সহযোগিতায় দ্রুতই স্বপ্নের নগর পরিবহনের মাধ্যমে নগরবাসীকে মানসম্মত সেবা দিতে পারব।’

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভীন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত