বেনজেমার চোট ‘গুরুতর’ নয়, জানালেন কোচ আনচেলত্তি

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৮ পিএম

সেল্টিকের বিপক্ষে বড় জয়ে স্বস্তি ও তৃপ্তি দুটোই আছে রিয়াল মাদ্রিদে। তবে সঙ্গে যোগ হয়েছে শঙ্কাও। দলটির ফরোয়ার্ড করিম বেনজেমা চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন। তবে কোচ কার্লো আনচেলত্তির দাবি তার চোট এত ‘গুরুতর’ নয়।

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচেই এই ধাক্কা আসে রিয়ালের জন্য। ২৯ মিনিটে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে যান বেনজেমা। দ্বিতীয়ার্ধে দারুণ খেলে চ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ৩-০ গোলের জয় নিয়ে। এই ম্যাচ জিততে পারলেও লম্বা মৌসুমে অপেক্ষায় কঠিন অনেক চ্যালেঞ্জ। বেনজেমা লম্বা সময়ের জন্য বাইরে গেলে রিয়ালের জন্য তা হবে বড় বিপর্যয়।

তবে আপাতত তেমন কিছুর শঙ্কা নেই বলেই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বললেন আনচেলত্তি, ‘খুব দুর্ভাবনার কিছু আছে বলে মনে হচ্ছে না। পরীক্ষার পর পুরোপুরি বোঝা যাবে। তবে প্রাথমিকভাবে খুব গুরুতর কিছু মনে হচ্ছে না। পেশীর কোনো চোট কিনা, নিশ্চিত নয় এখনও। হতে পারে স্রেফ কোনো অস্বস্তি অনুভব করছিল সে। কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে সবটুকু জানতে।’

শেষ পর্যন্ত যদি বড় কোনো চোটও হয়, তাহলেও শঙ্কার তেমন কিছু দেখছেন না রিয়াল মাদ্রিদের গোলবারের ভরসা থিবো কর্তোয়া, ‘সম্ভবত সে হাঁটুতে অস্বস্তি অনুভব করছিল। দেখা যাক, আশা করি, এটা গুরুতর কিছু নয়। আর যদি সেরকম কিছু হয়ও, যথেষ্ট বিকল্প ফুটবলার আমাদের আছে।’

বেনজেমার চোটের পর মাঠে নেমে এ দিন দুর্দান্ত খেলেন এদেন আজার। নিজের সেরা সময়ের কিছু ঝলক তিনি দেখান এ দিন। গোল করানোর পাশাপাশি তিনি নিজেও করেন একটি গোল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত