শৌচাগারের কমোডের পাশে রাখা হয়েছে বিরিয়ানি তৈরির মুরগির মাংস। চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশের এমনই দৃশ্য ধরা পড়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে। পরে অভিযুক্ত প্রতিষ্ঠান হাজির বিরিয়ানি হাউজ কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল বুধবার দুপুরে শহরের কালীবাড়ি মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
ভোক্তা অধিকার কার্যালয়ের দেওয়া তথ্য মতে, শহরের কালীবাড়ি মোড় এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনজনিত কারণে তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে এল জি বাটারফ্লাই শোরুমে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামের প্রাইস ট্যাগ (অতিরিক্ত দাম) লেখার দায়ে ২০ হাজার, বনফুল কেক অ্যান্ড ফাস্ট ফুডে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন বেকারি আইটেম বিক্রির দায়ে ৫ হাজার এবং হাজির বিরিয়ানি হাউজে শৌচাগারে খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
