দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭৯ জন। এ সময়ে ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ২৮৪ জন। সেদিন মারা গেছে পাঁচজন। এ নিয়ে চলতি মাসের প্রথম সাত দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৯৫ জন ডেঙ্গু রোগী। একই সময়ে মারা গেছে ১০ জন।
গতকাল বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৯৬ এবং ঢাকার বাইরে ৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৮৮৯ জন। তাদের মধ্যে রাজধানীর ৫০টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৭০৬ এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ১৮৩ জন। এ ছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল (৭ সেপ্টেম্বর) পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৭ হাজার ৬৭৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬ হাজার ৭৫৬ জন। এ সময় মারা গেছে ৩১ জন।
