'বিক্রম ভেদা'র ট্রেলার প্রকাশ, ২০ বছর পর মুখোমুখি হৃত্বিক-সাইফ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৮ পিএম

মুখোমুখি বলিউডের দুই হ্যান্ডসাম নায়ক। দুজনেই মারকুটে। একজন ভালোর জন্য লড়ছেন, আরেকজন খারাপের হয়ে। সত্য ও মিথ্যার এক আজব লড়াই। ঠিক এমন গল্প নিয়ে তৈরি হয়েছে হৃত্বিক রোশন ও সাইফ আলি খানের 'বিক্রম ভেদা'। এবার সেই ছবির ট্রেলার প্রকাশ্যে এলো। এর আগে ২০০২ সালে হৃত্বিক ও সাইফকে দেখা গিয়েছিল 'না তুম জানো না হাম' ছবিতে।

বলিউড এখন চলছে বয়কট বিতর্ক। আমির খানের 'লাল সিং চাড্ডা', অক্ষয় কুমারের 'রক্ষা বন্ধন', তাপসী পান্নুর 'দোবারা' ছবিকে বয়কট করা নিয়ে তুমুল শোরগোল সোশাল মিডিয়ায়। বক্স অফিসেও এই ছবিগুলোর দশা একেবারে বেহাল। অন্যদিকে, ছবি মুক্তির আগেই বয়কট বিতর্কে ঢুকে পড়েছে আলিয়া-রণবীরের 'ব্রহ্মাস্ত্র' এবং হৃত্বিক ও সাইফের 'বিক্রম ভেদা'।

তবে এসব বিতর্ক আর শোরগোলের মাঝেও বৃহস্পতিবার ট্রেলার প্রকাশ্যে এনে সবার নজর কেড়ে নিল 'বিক্রম ভেদা'। সাইফ ও হৃত্বিকের এই ছবির ট্রেলারই বুঝিয়ে দিল বহুদিন পর সিনেপর্দায় কোমর বেঁধে নামতে চলেছেন হৃত্বিক রোশন!

ট্রেলারটি অ্যাকশনে ভরা। যা বোঝা যাচ্ছে, এই ছবির গল্প ভালো ও মন্দের লড়াই। শুধু তাই নয়, জানা গিয়েছে, জনপ্রিয় লোককথা বিক্রম-বেতালের গল্পের আদলেই এই ছবির গল্প এগোবে। যেখানে সাইফকে দেখা যাবে পুলিশের ভূমিকায় আর অন্যদিকে হৃত্বিক খলনায়ক! পুলিশের হাতে ধরা পড়ে একেক সময় একেক গল্প শোনাবে। তারপরে পুলিশের চোখে ধুলো দিয়ে হৃত্বিক চম্পট।

এর মধ্যেই এই ট্রেলার দেখে হৃত্বিক অনুরাগীদের মধ্যে উত্তেজনা শুরু। হৃত্বিকের নতুন লুক চমকে দিয়েছে সবাইকে। অনেকেই বলছে, বহুদিন পর এই ছবির মধ্যে দিয়েই হৃত্বিক হিট কুড়াবেন। ছবিটি মুক্তি পাবে ৩০ সেপ্টেম্বর। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

×
সর্বশেষ সর্বাধিক পঠিত