ইউক্রেনকে আরও ২৭০ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৭ পিএম

 

রূপান্তর ডেস্ক

ইউক্রেনের জন্য নতুন করে প্রায় ২৭০ কোটি ডলারের সাহায্য অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে ৬৭ কোটি ৫০ লাখ ডলারের অস্ত্রও। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে এক বৈঠকে এ ঘোষণা দেন। লয়েড অস্টিন ইউক্রেনে রাশিয়ার অভিযানকে অবৈধ, সাম্রাজ্যবাদী আখ্যা দিয়ে বলেছেন, সম্মিলিত প্রচেষ্টায় ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে এখন উল্লেখযোগ্য সাফল্য নজরে আসছে।

বিবিসি জানায়, এ সামরিক সাহায্য প্যাকেজে আছে হাউইৎজার, গোলাবারুদ, হামভি যান, সশস্ত্র অ্যাম্বুলেন্স এবং ট্যাংক-বিধ্বংসী ব্যবস্থা।

যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইউক্রেনের জন্য অন্তত ১ হাজার ৩০০ কোটি ডলারের সামরিক সাহায্য দেওয়ার অঙ্গীকার করেছে।

বাইডেন প্রশাসন বৃহস্পতিবার বলেছে, তারা ইউক্রেনসহ ভবিষ্যতে রুশ আগ্রাসনের ঝুঁকিতে থাকা ১৮টি প্রতিবেশী দেশের নিরাপত্তা জোরদার করতে বিনিয়োগের আকারে ২০০ কোটি ডলারের দীর্ঘমেয়াদি সামরিক সহায়তা নির্দিষ্ট করে রেখেছে। এ সাহায্য পরিকল্পনা সম্পর্কে কংগ্রেসকে জানানো হবে বলে জানিয়েছে তারা।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। ছয় মাসের বেশি সময় ধরে সংঘাত চলছে। এরই মধ্যে কিয়েভের জন্য একের পর এক সামরিক সহায়তার ঘোষণা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত