জঙ্গল সলিমপুর

পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুই মামলা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০১:৩১ এএম

চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরের অবৈধ বসবাসকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ। বিস্ফোরক নিয়ন্ত্রণ আইন, পুলিশের ওপর হামলা, কাজে বাধা দেওয়াসহ মামলায় মোট ১০ ধারা উল্লেখ করা হয়েছে।

সীতাকুন্ড থানার এসআই শামীউর রহমান বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে মামলা দুটি করেন। দুই মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৩০-৪০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে চারজনকে আটক করেছে পুলিশ। আরও চারজন পুলিশ পাহারায় আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

মামলার সত্যতা নিশ্চিত করে সীতাকুন্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

এর আগে জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের সরে যাওয়ার জন্য আলটিমেটাম দেয় জেলা প্রশাসন। সন্ত্রাসীদের আখড়া থেকে বেরও হতে চেয়েছিলেন সেখানকার বাসিন্দারা। তবে তাতে বাদ সাধে আলীনগরের সন্ত্রাসীরা। পূর্বঘোষণা অনুযায়ী গত বৃহস্পতিবার সেখানে আটকে রাখা বাসিন্দাদের বের করে আনতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় সন্ত্রাসীরা। এ সময় পুলিশও ফাঁকা গুলি ছোড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত