অবশেষে বিশ্বকাপে কাতার স্টেডিয়ামে থাকছে মদ্যপানের সুবিধা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০৪:১৩ পিএম

ফুটবল বিশ্বকাপ মানেই বহু সংস্কৃতির মিলন কেন্দ্র। বিশ্বের নানান প্রান্তের মানুষ খেলা দেখতে ছুটে যান ভেন্যুগুলোতে। বিভিন্ন দেশের মানুষের খাদ্যাভাসসহ অন্যান্য বিষয়ও মাথায় রাখতে হয় আয়োজকদের। মদ্যপানটা পশ্চিমাসহ অনেক দেশের মানুষের কাছেই স্বাভাবিক। তবে এবার বিশ্বকাপটা হচ্ছে কাতারে। সেখানে প্রকাশ্যে মদ্যপান নিষিদ্ধ। মধ্যপ্রাচ্যের সংস্কৃতির বিরোধীও। তাই স্টেডিয়ামে মদ্যপান নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা।

তবে দর্শকদের কথা মাথায় রেখে নিজেদের নিয়মে ছাড় দিচ্ছে কাতার। অবশেষে আয়োজক কমিটির প্রধান নির্বাহী নাসের আল খাতের শঙ্কা উড়িয়ে দিয়ে জানিয়েছেন, স্টেডিয়ামের ভেতরে মদ থাকছে।

পশ্চিমা দেশগুলোর সমর্থকরা ফুটবলের আনন্দ উপভোগ করতে আরও নানান অনুষঙ্গের দিকে ঝুঁকেন। কিন্তু কাতারে মদ নিষিদ্ধ থাকায় কিছুটা সংশয়ে পড়েছিলেন তারা। আল খাতের শুরুতে জানিয়েছিলেন, ফ্যান জোন ও লাইসেন্সপ্রাপ্ত হোটেলেই কেবল মদ থাকবে। কাতারে প্রকাশ্যে কেউ মদ্যপান করতে পারবেন না। পরে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলে। অবশেষে কাতার তাদের কঠোর অবস্থান থেকে সরে এসেছে। বিপুল দর্শকের চাপের মুখে নিয়মে ছাড় দিচ্ছেন তারা।

খাতের জানিয়েছেন অন্য সব বিশ্বকাপের মতই সবই থাকবে কাতারে, ‘স্টেডিয়ামের ভেতরে মদের ব্যবস্থা থাকবে। অন্য যেকোনো বিশ্বকাপের মতো করেই আমরা আয়োজনটা করতে যাচ্ছি। এই বিবেচনায় এটা থাকা (মদ) খুব স্বাভাবিক।’

খাতের জানান, সব রকম সংস্কৃতির মানুষকে আতিথেয়তা দেওয়ার চিন্তায় এগুচ্ছেন তারা, ‘সব ধরনের মানুষের কথাই আমরা ভাবছি। দর্শক, সংবাদকর্মী, ম্যাচ পরিচালনাকারী। আমাদের বিশ্বাস বিশ্বকাপ তাদের দারুণ অভিজ্ঞতা দেবে। আমরা চাই সবাই অসাধারণ বিশ্বকাপ হিসেবেই একে মনে রাখুক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত