চায়ের দোকানে ভূমি অফিস কর্মীকে কুপিয়ে হত্যা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০১:১৮ এএম

কুষ্টিয়ার কুমারখালীতে ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম আবদুর রাজ্জাক (৫৫)। গতকাল শনিবার সকাল ৯টার দিকে শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি গ্রামের একটি চায়ের দোকানে বসে থাকার সময় পূর্ববিরোধের জেরে হামলার শিকার হন তিনি।

নিহত আবদুর রাজ্জাক ওই এলাকার প্রয়াত আইয়ূব আলীর ছেলে। তিনি শিলাইদহ ইউনিয়ন ভূমি অফিসে চতুর্থ শ্রেণির কর্মচারী (পিয়ন) পদে কর্মরত ছিলেন।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, সকালে এলাকার একটি দোকানে বসে চা পান করছিলেন আবদুর রাজ্জাক। এ সময় স্থানীয় খাঁ ও বিশ্বাস গ্রুপের কয়েকজন সেখানে গিয়ে তাকে প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত করে। এতে ঘটনাস্থলেই রাজ্জাক মারা যান। খবর পেয়ে পুলিশ আবদুর রাজ্জাকের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি কামরুজ্জামান বলেন, ‘আধিপত্য বিরাজ করা নিয়ে দীর্ঘদিন ধরে কোমরকান্দি এলাকায় দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। সেটিকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় নতুন করে সংঘাত এড়াতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত