ঢাকায় যাওয়ার পথে জঙ্গল সলিমপুরের ৬৩ বাসিন্দা আটক

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৯ পিএম

চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল সলিমপুর জেলা প্রশাসনের উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষের ঘটনা চালিয়ে যাচ্ছেন সেখানকার বাসিন্দারা।

এ নিয়ে দফায় দফায় প্রশাসনের সঙ্গে সংঘর্ষের জড়িয়েছেন তারা। মামলার আসামিও হতে হয়েছে।

সীতাকুন্ড প্রশাসনের বাধার মুখে কোণঠাসা হয়ে পড়া ‘অবৈধ বসতি গড়া’ বাসিন্দারা এবার ঢাকায় যাচ্ছিলেন প্রতিবাদী মানববন্ধন করতে।

তবে সীতাকুন্ড থানা এলাকা পার হতেই পুলিশর হাতে আটক হতে হয়েছে মানববন্ধনের উদ্দেশ্যে ঢাকার পথে রওনা দেওয়া ৬৩ বাসিন্দা।

শনিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে থানা এলাকা থেকে তাদের আটক করে সীতাকুন্ড থানার পুলিশ। 

সীতাকুণ্ড থানার ইন্সপেক্টর (তদন্ত) সুমন বণিক বলেন, 'জঙ্গল সলিমপুর থেকে কিছু লোক দুটি বাসে করে ঢাকা যাচ্ছেন- এমন খবরের ভিত্তিতে রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে শান্তি পরিবহন ও পাহাড়িকা পরিবহনের দুটি বাস থেকে সর্বমোট ৬৩ জনকে আটক করা হয়। আটককৃতদের সীতাকুন্ড থানায় রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সাম্প্রতিক সময়ে উচ্ছেদের বিরুদ্ধে মানববন্ধন করার উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিল বলে জানান।’

গত ৮ সেপ্টেম্বর পূর্ব ঘোষণা অনুযায়ী জঙ্গল সলিমপুরে আটকে রাখা বাসিন্দাদের নিরাপদে বের করে আনতে গেলে ক্ষিপ্ত হয়ে প্রশাসনের সঙ্গে সংঘর্ষে জড়ায় স্থানীয়রা। এ সময় প্রশাসনের কর্মকর্তাদের উপর তারা ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করলে আইনশৃঙ্খলা বাহিনীও আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছুড়ে। 

এর আগে, গত ৩০ আগস্ট জঙ্গল সলিমপুরে অবৈধ বসবাসকারীদের সরে যেতে মাইকিং করা হয়। একই সঙ্গে নিজ দায়িত্বে মালামাল সরিয়ে জায়গা খালি না করলে আইন অনুযায়ী উচ্ছেদ করা হবে বলে আল্টিমেটাম দেয় জেলা প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত