আগামী নির্বাচনে জনগণ আ.লীগের পক্ষে রায় দেবে: বাণিজ্যমন্ত্রী

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৩ পিএম

আগামী নির্বাচনে দেশের জনগণ আওয়ামী লীগ সরকারের পক্ষে রায় দেবে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষের জীবন মান উন্নয়ন ও নিরাপদে বসবাস করার জন্য নিশ্চিত করা হয়েছে।

রবিবার (১১ সেপ্টেম্বর) রংপুর মহানগরীর কেরানীপাড়ায় টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠানে উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের মানুষ যেন অনাহারে না থাকে সে জন্য টিসিবি ও ওএমএসের মাধ্যমে সরকার ১ কোটি পরিবারের মাধ্যমে ৫ কোটি মানুষকে সুলভ মূল্যে খাদ্য সহায়তা দিচ্ছে।

এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

টিপু মুনশি বলেন, আওয়ামী লীগ সরকার ও মন্ত্রীদের বিরুদ্ধে অনেকেই নানানভাবে সমালোচনা করছেন।

এই সমালোচনার দিকে কর্ণপাত না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সরকার মানুষের জীবন বদলে দেয়া ও তাদের উন্নয়নে কাজ করেছে। বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে।

সূত্রমতে, রংপুর জেলা প্রশাসনের আয়োজনে ৩ কিস্তিতে সিটি করপোরেশন এলাকায় ০৫টি স্পটে ৬ হাজার ২৬৩ জন উপকারভোগীর মাঝে ৪০৫ টাকা মূলে ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল বিক্রয় করা হবে।

এ সময় রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক আসিব আহসান ও মহানগর আওয়ামী লীগ সভাপতি সাফিউর রহমান সফিসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত