চট্টগ্রাম বন্দরে নিলাম পণ্যের কনটেইনারে ৪ বন্দুক

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৯:১০ পিএম

চট্টগ্রাম বন্দরে নিলামযোগ্য পণ্যের একটি কনটেইনারে মিলেছে চারটি বন্দুক। রোববার বন্দরের সাউথ কনটেইনার ইয়ার্ডে ইনভেন্ট্রির জন্য কনটেইনারটি খোলার পর এসব বন্দুক পাওয়া যায়।

কাস্টমস সূত্র জানায়, ইনভেন্ট্রি ক্র্যাশ প্রোগ্রামের আওতায় ইনভেন্ট্রি করার জন্য রোববার দুপুর সাড়ে ১২টার দিকে একটি কনটেইনারের সিল কাটার পর সেখানে অন্যান্য মালামালের সঙ্গে চারটি বন্দুক পাওয়া যায়।

বন্দুক পাওয়ার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক দেশ রূপান্তরকে বলেন, দীর্ঘদিন ধরে খালাস না নেয়া এসব কনটেইনারের পণ্য নিলামের জন্য কাস্টমস ইনভেন্ট্রি করছে। আর ইনভেন্ট্রি কালেই বন্দুকগুলো পাওয়া যায়। 

বন্দুকগুলো কারা আমদানি করেছে তার নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি কাস্টমস। 

তবে সংশ্লিষ্টদের ধারনা ব্যাগেজের আওতায় কেউ এসব বন্দুক আনার পর খালাসের জটিলতার কারণে তা দীর্ঘদিন ধরে কনটেইনারের ভেতর পড়েছিল।

কাস্টমসের নিলাম শাখার একজন কর্মকর্তা জানান, প্রাপ্ত বন্দুকগুলো কোথা থেকে এসেছে, কারা এনেছে-এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত