পাবনায় আ. লীগ নেতা সায়দার হত্যা মামলায় গ্রেপ্তার ৬

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৩ পিএম

পাবনায় পৌর আওয়ামী লীগ নেতা সায়দার রহমান মালিথা হত্যা মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল, গুলি, চাকু ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি।

গ্রেপ্তাররা হলেন- হেমায়েতপুর ইউনিয়নের গফুরিয়াবাদ গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে আনোয়ার আহম্মেদ স্বপন (৪২), পৌর এলাকার চক ছাতিয়ানি গ্রামের কালাম মালিথার ছেলে আশিক মালিথা (২৮), আব্দুল হাকিম মালিথার ছেলে আলিফ মালিথা (২২) কাশিপুর এলাকার মো. শাহজাহানের ছেলে রিপন খান (২৭), গোপালপুর ইমব্যাঙ্কমেন্ট রোডের আকবর আলীর ছেলে নুরুজ্জামান রাকিব (২৪) ও একই এলাকার রমজান আলীর ছেলে ইয়াসিন আরাফাত ইস্তি (২৬)।

পুলিশ সুপার জানান, আওয়ামী লীগ নেতা সায়দার মালিথা হত্যার পর সন্দেহভাজন আসামি স্বপনসহ অন্যান্যদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ।

গত দুই দিনে কক্সবাজার, ঢাকা, সিরাজগঞ্জ এবং পাবনার বিভিন্ন এলাকা থেকে ৬ আসামিকে আটক করা হয়।

গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জানান, হেমায়েতপুর ইউপির সাবেক চেয়ারম্যান, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন মালিথার নির্দেশে তারা সায়দার মালিথাকে হত্যা করেছেন।

আলাউদ্দিন মালিথাসহ হত্যায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

পুলিশ সুপার জানান, হেমায়েতপুর ইউপিতে প্রায় ৬০ বিঘা জমির ভোগদখল নিয়ে চাচাতো ভাই সায়দার মালিথার সঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মালিথার বিরোধ ছিল।

সম্প্রতি ইউপি নির্বাচনে আলাউদ্দিন মালিথা পরাজিত হওয়ার পর আলাউদ্দিনের দখলে থাকা নিজেদের জমির দখল নেন সায়দার ও তার স্বজনরা। এ নিয়ে বেশ কয়েকবার মারামারির ঘটনাও ঘটে।

সর্বশেষ গত ৮ সেপ্টেম্বর জমি নিয়ে বিরোধে আলাউদ্দিন মালিথার ভাই সঞ্জু মালিথাকে মারধর করে সায়দার মালিথার লোকজন। এতে ক্ষিপ্ত হয়ে আলাউদ্দিন মালিথা নিজেদের লোকদের সঙ্গে বৈঠক করে ভাতিজা স্বপনকে সায়দার মালিথাকে হত্যার দায়িত্ব দেন।

পরিকল্পনা অনুযায়ী আসামিরা গত ৯ সেপ্টেম্বর হেমায়েতপুর ইউনিয়নের চর বাঙ্গাবাড়িয়া মুজিব বাঁধ মোড়ে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা সায়দার রহমান মালিথাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে।

হত্যাকাণ্ডের জন্য আলাউদ্দিন মালিথাকে প্রধান আসামি করে ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে নিহতের পরিবার।

গ্রেপ্তার আসামি স্বপনের বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টাসহ ৮টি মামলা, আশিক মালিথার বিরুদ্ধে হত্যা, চুরি, মাদকসহ ৭টি মামলা ও নুরুজ্জামান রাকিবের বিরুদ্ধে হত্যাচেষ্টা, চুরিসহ ৫ মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত