সৌদি আরবের রিয়াদের বাংলাদেশ দূতাবাসের সহায়তায় ছয় বছর পর দেশে ফিরেছেন গৃহকর্মী নুর নাহার। একই সঙ্গে দূতাবাসের প্রচেষ্টায় নুর নাহারের নিয়োগকর্তা সৌদি নাগরিকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছয় বছরের বেতন-ভাতাসহ প্রায় ১৯ লাখ টাকা।
সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়ে বলেছে, মেয়ে নুরনাহারকে ফিরে পেয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ানিবাসী আবুল কালামের পরিবারে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
২০১৬ সালে মানসিক ভারসাম্যহীন বেকার স্বামী এবং একমাত্র মেয়েকে রেখে ভাগ্য ফেরানোর আশায় গৃহকর্মী হিসেবে সৌদি আরবে যান তিনি। যাওয়ার পর পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার। ছয় বছর অতিবাহিত হওয়ায় তাকে ফিরে পাওয়ার আশা একরকম ছেড়েই দেয় তার পরিবার। পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়ে নুর নাহারও অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।
বিষয়টি বাংলাদেশ দূতাবাসের কানে এলে নূর নাহারকে রিয়াদের হোতা বনি তামিম এলাকা থেকে উদ্ধার করে সেফহোমে আশ্রয় দেওয়া হয়। সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি বাংলাদেশে তার ঠিকানা বলতে পারছিলেন না। পাসপোর্টে বর্ণিত ঠিকানা ও ছবি পাঠিয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তায় তার পরিবারের সঙ্গে দূতাবাসের শ্রমকল্যাণ উইংয়ের যোগাযোগ হয়। নুর নাহারের বাবা আবুল কালাম জানান, সৌদি আরবে যাওয়ার পর ছয় বছরে দেশে কোনো টাকা পাঠায়নি তার মেয়ে। এ পরিপ্রেক্ষিতে দূতাবাসের শ্রমকল্যাণ উইংয়ের পক্ষ থেকে নুর নাহারের সৌদি নিয়োগকর্তাকে খুঁজে বের করা হয়।
