টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আরও এক মাস বাকি। টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে সবসময়ই কাড়াকাড়ি হয়। এবারও তাই হয়েছে। শেষ হয়ে গেছে ২৩ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট। তবে এবার শুধু এই দুই দলের নয়। তালিকায় আছে বাংলাদেশের নামও। সিডনিতে আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিতব্য বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের সব টিকিটও বিক্রি হয়ে গেছে।
আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এরই মধ্যে ৫ লাখের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে, ‘১৬টি আন্তর্জাতিক দলের সেরা খেলোয়াড়দের দেখতে ৮২টি দেশের দর্শক টিকিট কিনেছেন। ২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ৮৬ হাজার ১৭৪ জন দর্শকের রেকর্ড উপস্থিতির পর এবারই প্রথম আইসিসির ইভেন্টে গ্যালারিভর্তি দর্শক ফিরছে।’
আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে এরপর বলা হয়েছে, ‘বর্তমান বরাদ্দ অনুসারে ২৭ অক্টোবর সিডনির বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। বাড়তি টিকিট ছাড়ার আগ পর্যন্ত আগ্রহী দর্শকদের অপেক্ষা করতে বলা হচ্ছে।’
ভারত-পাকিস্তান ম্যাচের আসনভিত্তিক টিকিটের পাশাপাশি দাঁড়িয়ে খেলা দেখার বিশেষ ব্যবস্থার টিকিটও এরই মধ্যে শেষ, ‘ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট এরই মধ্যে বিক্রি শেষ, দাঁড়িয়ে দেখার টিকিটও বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে কিনে নিয়েছেন দর্শকেরা।’
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে তাদের এবং পাকিস্তানের বিপক্ষে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ। এরপর দুটি প্রস্তুতি ম্যাচও খেলার সুযোগ পাবেন সাকিবরা। যার প্রথমটি ১৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। দুই দিন পর অপর ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, যাদের বিপক্ষে এক সপ্তাহ পরই আছে বিশ্বকাপের মূল লড়াই।
