মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৪ পিএম

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকারা হেডম্যানপাড়া সীমান্তে ল্যান্ড মাইন বিস্ফোরণে অং থোয়াইং তঞ্চঙ্গা (২২) নামে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন, শুক্রবার দুপুর ২টার পরে মিয়ানমার সীমান্তের ৩৫ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন শুন্যরেখার কাছে গরু আনতে গেলে ল্যান্ড মাইন বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হয় অং থোয়াইং তঞ্চঙ্গা।

আহত অং থোয়াইংয়ের মা ইয়াং মে চাকমা দাবি করেছেন, মিয়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার ছেলের পা উড়ে গেছে।

স্হানীয় সূত্র জানিয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী মিয়ানমারের সীমান্তের বিস্তীর্ণ এলাকায় ল্যান্ডমাইন পুঁতে রেখেছে। আহত যুবক সীমান্তের শুন্যরেখা অতিক্রম করলে পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত হয়। তার একটি পা ঝলসে যায়। তাকে প্রথমে উখিয়া উপজেলার কুতুপালং এমএসএফ হাসপাতালে পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে, এ ব্যপারে বিজিবি কোনো বক্তব্য দেয়নি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস জানান, শুক্রবার উপজেলার ঘুমধুমের বাইশফাঁড়ি সীমান্তে এই বিস্ফোরণ হয়। ঘটনার পর থেকে সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে। স্থানীয়দের সীমান্ত এলাকায় যেতে নিষেধ করা হয়েছ।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের কাছে সেদেশের সেনাবাহিনীর সাথে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরকান আর্মির মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ চলছে। সংঘর্ষ চলাকালে মিয়ানমারের ছোড়া গুলি ও মর্টার শেল এসে পড়েছে বাংলাদেশের সীমান্তে। এ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কয়েক দফায় প্রতিবাদ জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত