রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপির) ৪র্থ বর্ষপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা হয়েছে। শোভাযাত্রাটি পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে থেকে শুরু করে রংপুর মহানগরীর বঙ্গবন্ধু চত্বর পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় পুলিশ কমিশনারের কার্যালয়ে এসে শেষ হয়।
এর আগে বেলুন উড়িয়ে ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা।
র্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ ও রংপুর জেলা পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী। অন্যান্যদের মধ্যে রংপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকীসহ সব উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সব থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক পদবীর অন্যান্য কর্মকর্তা, অন্যান্য পদবীর পুলিশ সদস্য, কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির সদস্য ও সাংবাদিকরা শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ কমিশনার উপস্থিত সাংবাদিকবৃন্দের মাধ্যমে রংপুর মহানগরীর অধিবাসীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ এবং ভিশন ২১০০ বাস্তবায়নের অগ্রযাত্রায় নগরবাসীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতার মাধ্যমে রংপুর মহানগরীকে একটি অপরাধ ও যানজটমুক্ত নিরাপদ নগরী গড়ার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শামিল হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
