গাশমীর মহাজনীর জীবনের করুণ কাহিনি ফুটে উঠল নাচে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৩ পিএম

নিজের জীবনের করুণ কাহিনি নাচের মাধ্যমে ফুটিয়ে তুললেন গাশমীর মহাজনী। 'ঝলক দিখলা যা ১০'-এর মঞ্চ মেতে উঠল তার নাচের তালে। সেই সঙ্গে চোখ ভিজল দর্শকেরও।

হিন্দি টেলিভিশন দুনিয়ায় গাশমীর মহাজনী এখন পরিচিত নাম। 'ইমলী' ধারাবাহিকে আদিত্যকুমার ত্রিপাঠীর ভূমিকায় তার কাজ যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। 'ঝলক দিখলা যা ১০'-এও প্রায় প্রতি সপ্তাহেই কিছু না কিছু চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। তার নাচ দেখতে মুখিয়ে থাকেন দর্শকরা। সেই মঞ্চেই নাচের মাধ্যমে নিজের জীবনের গল্প বললেন গাশমীর।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, প্রতিযোগীদের নাচের মাধ্যমে পরিবারের কথা তুলে ধরতে বলা হয়েছিল। গাশমীর তার জন্য বেছে নিয়েছেন সালমান খানের 'সুলতান' ছবির জনপ্রিয় একটি গান। তার তালে তালেই নেচেছেন তিনি। দেখিয়েছেন, এক সময় কী বিপুল ঋণের দায়ে ডুবে গিয়েছিলেন। এমনকি, টাকা দিতে না পারায় বাড়ি থেকেও তাড়িয়ে দেওয়া হয়েছিল গাশমীরকে।

গাশমীরের নাচ দেখে দর্শকাসনে বসে কেঁদে ফেলেন তার মা। পরে তিনি গাশমীরের বাবার মৃত্যু এবং তার পরের সংগ্রামের কথা জানান মঞ্চে দাঁড়িয়ে। মাত্র ১৫ বছর বয়সে গাশমীর বাবাকে হারান। তখন থেকেই খেটে খেতে হয়েছে তাকে। পরিবারের দায়িত্ব ওই বয়সেই নিতে হয়েছিল নিজের কাঁধে।

গাশমীরের নাচের পেছনের করুণ কাহিনি বিচারকদের চোখেও জল এনেছে। সকলেই আবেগপ্রবণ হয়ে পড়েন। 'ঝলক দিখলা যা ১০'-এর বিচারকের আসনে ছিলেন মাধুরী দীক্ষিতও। তিনিও গাশমীরকে প্রশংসায় ভরিয়ে দেন। সূত্র : হিন্দুস্তান টাইমস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত