জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র জমার সময় মোনাজাতে অংশ নেওয়া ও বক্তব্য দেওয়ায় চট্টগ্রামের ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিস পাঠানো হয়েছে। জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান একইসঙ্গে রিটার্নিং কর্মকর্তাও। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে গতকাল শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান ডাকযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), জনপ্রশাসন সচিব, নির্বাচন কমিশন সচিব, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রামের ডিসির উদ্দেশ্যে এ নোটিস পাঠান। নোটিস পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মমিনুর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। ব্যত্যয় হলে আদালতের শরণাপন্ন হবেন বলে জানান নোটিসদাতা আইনজীবী।
দেশের বিভিন্ন অনলাইন পোর্টালে ‘আওয়ামী লীগ প্রার্থীর জয় চেয়ে রিটার্নিং কর্মকর্তার মোনাজাত ও বক্তৃতা’ শীর্ষক খবরের ভিত্তিতে তিনি এই নোটিন দিয়েছেন বলে আইনজীবী উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ডিসির এ কাজের কারণে আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার ব্যাপারে আশঙ্কা রয়েছে।
