ভারতে নিষিদ্ধ ফাওয়াদ খান পাকিস্তানের বিগ বাজেট ছবিতে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১১:২৬ পিএম

এ দেশে তার ঢোকা মানা। অনেক আগে করণ জোহরের 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে বলিউডের পর্দায় দেখা গিয়েছিল পাকিস্তানের অভিনেতা ফাওয়াদ খানকে। যে ফাওয়াদ খানে একসময় বুঁদ ছিলেন এ দেশের নারী ভক্তরা।

ভারতে আসছেন না তাতে কি, পাকিস্তানের সিনেমার পর্দায় উজ্জ্বল আধিপত্য ফাওয়াদের। আর সেই প্রতিবেশী দেশ থেকেই এবার নতুন খবর ছড়িয়ে পড়ল এ দেশে। সোশাল মিডিয়ার হাত ধরে ভাইরাল হলো ফাওয়াদ খানের নতুন ছবির লুক। ছবির নাম 'দ্য লিজেন্ড অব মাওলা জাট'। ছবির পরিচালক বিলাল লাশারি।

নির্ভরযোগ্য সূত্র বলছে, এ ছবি এযাবৎ পাকিস্তানের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা; বাজেট ৬০ থেকে ৭০ কোটি।

২০১৮ সালে প্রথম প্রকাশ্যে আসে এই ছবির ফার্স্টলুক। একেবারে নতুন লুকে চমকে দেন ফাওয়াদ খান। এই ছবির আরেক চমক পাকিস্তানের আরেক স্টার হামজা আলি আব্বাসি। সিনেপর্দায় এই দুজনের টক্করই এই ছবির আসল ইউএসপি। করোনার কারণে এই ছবির শুটিং আটকে যায়। শেষমেশ ২০২২ সালের অক্টোবরেই মুক্তি পেতে চলেছে এই ছবি।

ছবিতে ফাওয়াদ ছাড়াও রয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। এই মাহিরাকেই দেখা গিয়েছিল শাহরুখের বিপরীতে 'রইস' ছবিতে অভিনয় করতে। এমনকি, মাহিরা খানের সঙ্গে রণবীরের প্রেম নিয়েও গুঞ্জন শুরু হয়। সেই মাহিরা খানও বলিউডে আর ছবি করতে পারেননি। তবে এ দেশেও মাহিরা ও ফাওয়াদ সমান জনপ্রিয়। সূত্র : এনডিটিভি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত