সোমবার চেন্নাইয়ের অ্যাপার্টমেন্টে ২৯ বছর বয়সী এক তামিল অভিনেত্রীর মরদেহ পাওয়া গেছে। তার পোশাকি নাম পাওলিন জেসিকা। তবে 'দীপা' নামেই জনপ্রিয় ছিলেন তিনি। মৃত্যুর সঠিক কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন তিনি।
ঘটনায় কোয়াম্বেদু পুলিশ একটি মামলা দায়ের করেছে। দীপার ঘরে তার ডায়েরির ভেতর থেকে একটি 'সুইসাইড নোট'ও উদ্ধার হয়েছে। তবে চক্রান্ত করে খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তার ডায়েরি পড়ে সূত্র উদ্ধারের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, দীপার এক বন্ধু, প্রভাকরণ তাকে ফোনে না পেয়ে হাজির হন অ্যাপার্টমেন্টে। দরজা ভেঙে খোঁজাখুঁজির পর অভিনেত্রীর নিথর দেহ দেখতে পান। এর পর তিনিই দীপার পরিবার এবং পুলিশে খবর দেন।
অন্ধ্রপ্রদেশে বেড়ে ওঠা অভিনেত্রী 'থুপ্পারিভালান' (২০১৭) এবং 'বৈথা' (২০২২)-র মতো ছবিতে দর্শকের মন কেড়েছিলেন। কর্মসূত্রে বর্তমানে ছিলেন চেন্নাইয়ে। তার হঠাৎ মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কোয়াম্বেদু পুলিশ দীপার মৃত্যুর তদন্ত করছে। তার ঘর থেকে উদ্ধার হওয়া নোটের বৈধতা খতিয়ে দেখা হচ্ছে। সূত্র : চেন্নাই নিউ
