টি-টোয়েন্টি বিশ্বকাপের দল চূড়ান্ত করার আগে বাংলাদেশের কিছু ক্রিকেটারকে একটু বাজিয়ে দেখতে চেয়েছিলেন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম। পারেননি বৃষ্টির বাধায়। নির্বিঘ্নে অনুশীলনের জন্য তাই আরব আমিরাতে ছুটতে হচ্ছে ক্রিকেটারদের। তবে আগামীতে হয়তো এমনটা হবে না, বৃষ্টি হলেও অনুশীলনে ভাটা পড়বে না। ছাদ বসছে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাডেমি মাঠে।
ক্রাইস্টচার্চ, মাউন্ট মঙ্গানুইর আদলে, মিরপুরে ‘পরিবর্তনশীল ছাদ’ বসাবে কানাডার একটি কোম্পানি। নিউজিল্যান্ড ক্রিকেটের সহায়তায় সেই প্রযুক্তিই বসছে মিরপুরে, জানিয়েছেন বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটির ম্যানেজার আব্দুল বাতেন।
নিউজিল্যান্ডের কাছ থেকে শুধু প্রযুক্তিগত সহায়তাই নয়, মানব সম্পদ উন্নয়নেও সাহায্য নেবে বিসিবি। ‘এক্সচেঞ্জস অব এক্সপার্টস’ কর্মসূচির আওতায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের হেড অব টার্ফ ম্যানেজমেন্ট ইয়াম ম্যাকেন্ড্রি বাংলাদেশে এসেছেন সোমবার।
চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকার ভেন্যুগুলো পরিদর্শন করবেন বলে জানিয়েছেন বাতেন, এরপর তিনি যাবেন সিলেটে। বাংলাদেশের ক্রিকেট মাঠগুলো সম্পর্কে প্রাথমিক ধারণা নেওয়ার পর স্থানীয় কিউরেটর ও মাঠকর্মীদের নিয়ে দুই দিনের একটি কর্মশালা পরিচালনা করবেন ম্যাকেন্ড্রি।
মিরপুরের উইকেট নিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের অনেকেরই অভিযোগের শেষ নেই। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের দুটো সিরিজ বাংলাদেশ জিতলেও আখেরে লাভ হয়নি। সাকিব বলেছিলেন, এমন উইকেটে খেললে একজন ব্যাটসম্যানের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, লিটন বলেছেন মিরপুরে অনুশীলন করে কোনো লাভ হয় না। এসব সমালোচনা মেনে নিয়েই বাতেন জানালেন, ভবিষ্যতে যেন এসব শুনতে না হয় সেজন্যই এই প্রচেষ্টা।
