ময়মনসিংহে এক নারী মৎস্য খামারির পুকুরে বিষ দিয়ে দেড় লাখ মাছ নিধনের অভিযোগ উঠেছে। ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের পাড়াইল মোড়ে হ্যাপী মৎস্য খামারে এই ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার ভোররাত থেকে তিনটি পুকুরে পাঙাশ ও দেশীয় মাছ মরে ভাসতে থাকে। এতে পথে বসেছেন নারী মৎস্য খামারি হ্যাপী কাউসার। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মৎস্য কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনী।
মৎস্য খামারি হ্যাপী কাউসার বলেন, তিনটি পুকুরে বিষ দেওয়ায় ৪০ হাজার পাঙাশ মাছ মরে ভেসে উঠেছে। প্রতিটি মাছ এক কেজির মতো ওজন ছিল। এ ছাড়া এক লাখের ওপর দেশি মাছ মারা গেছে। এতে এক কোটি টাকার ওপর ক্ষতি হয়েছে আমার। সম্পত্তি বিক্রি করে ও ঋণ নিয়ে তিনটি পুকুরে মাছ ছেড়েছি। আজ আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার এত বড় ক্ষতি যে করেছে তার বিচার চাই।
ময়মনসিংহ সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা নাহিদা পারভিন বলেন, তিনটি পুকুরেই মাছ মরে ভেসে উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি।
ঘটনাস্থল পরিদর্শনকারী কোতোয়ালি মডেল থানার এসআই আনোয়ার হোসেন বলেন, ধারণা করছি, বিষপ্রয়োগে সেগুলো মারা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
