অবৈধপথে মালয়েশিয়া যাওয়ার সময় ৭ রোহিঙ্গাসহ ২২ জন উদ্ধার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১১:৪১ এএম

সাগরপথে অবৈধপথে মালয়েশিয়ার যাওয়ার প্রস্তুতির সময় অভিযান চালিয়ে সাতজন রোহিঙ্গাসহ ২২ জনকে উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ৭ রোহিঙ্গা ছাড়াও ১৫ জন বাংলাদেশি রয়েছেন।

টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, টেকনাফ নাইট্যংপাড়া এলাকার জামাল হোসেনের বাড়িতে রোহিঙ্গাসহ কিছু লোকের অবস্থানের খবর পেয়ে যৌথ অভিযান চালায় বিজিবি ও পুলিশ।

এ সময় ৭ জন রোহিঙ্গা ও ১৫ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য সেখানে অবস্থান করছে বলে জানিয়েছেন।

এদের মধ্যে সাত রোহিঙ্গা বিজিবির হেফাজতে রয়েছে, তাদেরকে পুশব্যাক করা হবে বলে জানান ওসি।

এ ছাড়া বাকি ১৫ বাংলাদেশিকে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত