সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে বহন করা ছাদ খোলা বাসের ড্রাইভার হতে পেরে গর্বিত বলে জানিয়েছেন বাসচালক মামুন সরদার।
তিনি বলেন, ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে পেরে সত্যিই নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাসচালক মামুনের সঙ্গে কথা হলে তিনি সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে শুভকামনা জানান।
দুপুর ১টা ৫০ মিনিটে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের ট্রফি জয়ী নারী ফুটবল দলকে বহনকারী বিমান অবতরণ করে বিমানবন্দরে। সকাল থেকেই সেখানে অপেক্ষায় হাজারো জনতা। মেয়েদের বরণ করে নিতে প্রস্তুত সবাই।
জাতীয় পতাকা হাতে প্রচুর সমর্থক ভিড় জমিয়েছেন বিমানবন্দরে। বাংলাদেশ! বাংলাদেশ—স্লোগানে মুখরিত হয়ে ওঠেছে পুরো এলাকা।
সাফ নারী চ্যাম্পিয়ন দলকে বরণ করতে প্রস্তুত ছাদ খোলা বাস। বিআরটিসির দ্বিতল বিশিষ্ট বাসের ছাদ ফেলে সানজিদা-সাবিনা খাতুনদের আশা পুরণ করা হচ্ছে। বাসের প্রাথমিক রুট ঠিক হয়েছে- বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট, পিএম অফিস, তেজগাঁও, মৌচাক, কাকরাইল হয়ে বাফুফে ভবন। বাফুফে ভবনে আরেক দফা বরণ করা হবে সাবিনাদের।
