সিরাজগঞ্জ সদর উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত ও একজন আহত হয়েছেন।
কাশিয়াহাটা এলাকায় সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে মঙ্গলবার (২০সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার বেতকান্দি গ্রামের হজরত আলীর ছেলে ও উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র আব্দুল মালেক (২২) এবং একই উপজেলার ভদ্রকোল গ্রামের হোসেন আলীর ছেলে ইয়ামিন (৮)।
আহত হোসেন আলীকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে নিহতদের স্বজনেরা জানান, অসুস্থ হোসেন আলীকে চিকিৎসার জন্য অটোরিকশাযোগে সিরাজগঞ্জ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন কলেজছাত্র আব্দুল মালেক।
এ সময় হোসেন আলীর ছেলে ইয়ামিন তার সঙ্গে ছিলেন। অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়।
এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মালেক ও ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, এদিন রাতে ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও একজন আহতর ঘটনা ঘটে। খবর পেয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
