স্বামীর ওপর হামলাকারীদের সঙ্গে পালাল নববধূ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৬ পিএম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পর্যটনকেন্দ্র কুয়াকাটায় হানিমুনে এসে স্বামীকে মারধরকারীদের সঙ্গে পালিয়ে গেছে নববধূ। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সৈকতের ফিশ ফ্রাই মার্কেটের কাছে এ ঘটনায় স্বামী মনিরুল ইসলামকে পুলিশ হেফাজতে নিলেও নববধূ নুরে জান্নাতকে উদ্ধার করতে পারেনি।

মনিরুলের বাড়ি বরগুনা সদর উপজেলার কেজি স্কুলসংলগ্ন এলাকায়। নববধূ নুরে জান্নাতের একই উপজেলার ধলুয়া ইউনিয়নে।

প্রবাসী মনিরুল ইসলাম জানান, সিঙ্গাপুর থেকে ছুটিতে দেশে আসার পরে গত শুক্রবার পরিবারের পছন্দে বিয়ে করেন নুরে জান্নাতকে। মঙ্গলবার কুয়াকাটায় হানিমুনে এসে বিকেলে সৈকতে বেড়ানো শেষে সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে হোটেলকক্ষে ফিরে আসেন। রাতে স্ত্রীর অনুরোধে ফের হোটেল থেকে সৈকতের ফিশ ফ্রাই মার্কেটে আসেন। এ সময় অনিচ্ছা সত্ত্বেও স্ত্রীর অনুরোধে ফিশ ফ্রাই মার্কেটের অদূরে অন্ধকারে নিয়ে গেলে হঠাৎ চার থেকে পাঁচজন তার ওপর হামলা চালায়। এ সময় মারধর থেকে রক্ষা পেতে স্ত্রীকে আঁকড়ে ধরলেও নীরবে হামলাকারীদের সঙ্গে পালিয়ে যায় নুরে জান্নাত।

সৈকতের ফিশ ফ্রাই ব্যবসায়ী রিয়াজ উদ্দিন জানান, স্বামী-স্ত্রী দুজনকে সৈকতে নামতে দেখেছি। এর কিচ্ছুক্ষণ পরেই দেখি ওই লোকটিকে রক্তাক্ত অবস্থায় পুলিশ বক্সে নিয়ে যাওয়া হচ্ছে। নুরে জান্নাতের বাবা হারুন-অর-রশিদ বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে বরগুনা থেকে কুয়াকাটায় চলে এসেছি। আমার মেয়ে এখন কোথায় আছে জানতে পারিনি। জামাইকে নিয়ে এখন বাড়িতে যাচ্ছি। পারিবারিকভাবে বিষয়টি সমাধান করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত